আন্তর্জাতিক বিভাগের সর্বশেষ খবরসমূহ (৪টি সংবাদ)


দক্ষিণ আফ্রিকার একটি প্রদেশে দোকানে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সশস্ত্র সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করায় এ প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের বাসিন্দারা আছেন। এ ঘটনায় সেখানে নিহত হন নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের আলী মিয়ার ছেলে আপন। তার বাবা আলী মিয়া জানান, আগুন লেগে আমার ছেলেসহ কয়েকজন মারা গেছে। আগুন তো সব নিয়ে যায়। এখন কী অবস্থায় আছে জানি না। স্থানীয় সূত্র বলছে, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীদের দেওয়া আগুনে অন্তত ছয়জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের ক্রোকরের চরের তিনজন, রামনগরের একজন এবং চর আলীরটেকের একজন রয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাটির খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের ছয়জন নিহতের সংবাদ জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখনো সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

প্রশ্ন ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পদযাত্রাকে ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে সিজেপি। সোমবার (২০ জুলাই) পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করে সিজেপি। বিক্ষোভকারীদের ঠেকাতে সকালে ব্যারিকেড দেয় পুলিশ। পরে তা অতিক্রমের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হন। তবে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের ওপর কোনো অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। অন্যদিকে, আয়োজকদের দাবি, পুলিশের বাধা সত্ত্বেও প্রায় এক লাখ মানুষ কর্মসূচিতে অংশ নেন। প্রশ্ন ফাঁসের তদন্ত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে এ কর্মসূচি পালন করে সিজেপি। পরে সিজেপির প্রতিনিধিরা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিন দফা দাবি তুলে ধরে দলটি জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে আমরা তিনটি দাবি জানিয়েছি। সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’ এদিকে, হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। শুধু দিল্লি নয়, সিজেপির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পশ্চিমবঙ্গের কলকাতায়ও বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন। এ আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্তত ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।


যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সাথে সাক্ষাৎ করেন তিনি। এরপরই ব্রিটেনের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে বার্নহামকে নিয়োগ দেন রাজা চার্লস। এ নিয়ে গেল ১০ বছরের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য। ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেয়া ভাষণে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তার রাজনৈতিক দল লেবার পার্টির বিতর্কিত অবস্থানের প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা করেন বার্নহাম। তিনি জানান, ইসরায়েলের উপর দ্রুতই চাপ প্রয়োগে তৎপর হবেন তিনি। এর আগে, আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রধানমন্ত্রী কেইর স্টারমার।


দক্ষিণ নরওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০০টির বেশি বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পুলিশ ও দেশটির সরকারি সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ড্রামেন শহরের একটি টাউনহাউসে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের আবাসিক এলাকা ও কাছের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। রাজধানী অসলো থেকে প্রায় ৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ড্রামেন শহরের সারিবদ্ধ আবাসিক ভবনগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা রাতভর কাজ করেন। শনিবার সকালেও তাদের অভিযান অব্যাহত ছিল। নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য, এখন পর্যন্ত কারও নিখোঁজ হওয়ার তথ্য মেলেনি।