কালীগঞ্জ বিভাগের সর্বশেষ খবরসমূহ (৫টি সংবাদ)


লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে ১৪৭ বোতল ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্য এসকাফ সিরাপ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক মজুদের অভিযোগে মো. মনিরুজ্জামান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের সিপিএসসির একটি আভিযানিক দল রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামে অভিযান চালায়। অভিযানকালে মনিরুজ্জামানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির উঠানে বিশেষভাবে রাখা ১৪৭ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তিনি খামারভাতি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কালীগঞ্জ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দীন বাবুল। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়। জানা যায়, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে অতিবৃষ্টিজনিত ক্ষতির প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্য রোকন উদ্দিন বাবুল বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষির উন্নয়নের লক্ষ্যে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন।’ তিনি আরো বলেন, ‘দ্রুতই কালিগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ চালু করা হবে।’ এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকরা।


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সতি নদী থেকে শিশু বর্মন (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হররাম এলাকার তারক নাথ চন্দ্রের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ধানের চারা রোপণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শিশু বর্মন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে উপজেলার হররাম পূর্বপাড়া এলাকার সতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা জানান, শুক্রবার সকাল থেকেই শিশু বর্মন নিখোঁজ ছিলেন। শনিবার সকালে নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। স্থানীয়দের প্রাথমিক ধারণা, নদী পারাপারের সময় তিনি পানিতে পড়ে ডুবে মারা যেতে পারেন। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে জাকিয়া (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে জাকিয়া। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে।


লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের কিসামত মদাতি এলাকায় পানিতে ডুবে মোহাম্মদ হুজাইফা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত হুজাইফা ওই এলাকার মো. ফরিদুল ইসলাম খানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অজান্তে বাড়ির পাশের পানিতে পড়ে যায় হুজাইফা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। এ ঘটনায় কিসামত মদাতি এলাকায়ও গভীর শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।