আদিতমারী বিভাগের সর্বশেষ খবরসমূহ (২৬টি সংবাদ)


মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে লালমনিরহাটের আদিতমারীতে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রি ব্লাড ক্যাম্পেইন’। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন চৌরাস্তা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহিষখোচা ভিত্তিক সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ ফান্ড’-এর উদ্যোগে আয়োজিত এ রক্তদান কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল— ‘রক্ত দিন, জীবন বাঁচান’। দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় তরুণ, যুবক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই স্বেচ্ছায় রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদানে অংশ নেন। জীবনে প্রথমবারের মতো রক্ত পরীক্ষা ও মানবিক এ কার্যক্রমে অংশ নিতে পেরে অনেকেই আনন্দ প্রকাশ করেন। আয়োজকরা জানান, দুর্ঘটনাকবলিত রোগী, গর্ভবতী মা, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় প্রয়োজনের সময় রক্ত পাওয়া কঠিন হয়ে পড়ে। এ সমস্যা মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এ ফ্রি ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ‘মানব কল্যাণ ফান্ড’-এর লক্ষ্য হলো মানবজাতির সার্বিক কল্যাণে কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


লালমনিরহাটের আদিতমারীতে সড়ক সংস্কার প্রকল্পের গাইড ওয়াল নির্মাণে পানির নিচে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে। ছুটির দিনে এলজিইডির কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছাড়াই তড়িঘড়ি করে এ কাজ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এলজিইডি বলছে, ঢালাইয়ের বিষয়ে অবগত নন তারা। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার আদিতমারী-মহিষখোচা সড়কের আনসার খার পুকুর এলাকায় গিয়ে দেখা যায়, পুকুরের পানির মধ্যেই কাঠের খাঁচা তৈরি করে গাইড ওয়ালের ঢালাই দেওয়া হচ্ছে। কাজের সময় এলজিইডির কোনো কর্মকর্তা বা কর্মচারীকে সেখানে দেখা যায়নি। স্থানীয়রা জানান, সড়কটির ঝুঁকিপূর্ণ অংশে গাইড ওয়াল নির্মাণের প্রয়োজন রয়েছে। তবে পানি অপসারণ বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা না করে সরাসরি পানির নিচে ঢালাই দেওয়া হচ্ছে। ফলে এভাবে নির্মাণ করা গাইড ওয়াল টেকসই হবে না এবং অল্প সময়ের মধ্যেই ধসে পড়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, আদিতমারী উপজেলা থেকে মহিষখোচা ইউনিয়নগামী প্রায় পাঁচ কিলোমিটার সড়ক সংস্কারে ২ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে সড়কটির পিচ ঢালাইসহ অধিকাংশ কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে আনসার খার পুকুর এলাকায় ঝুঁকিপূর্ণ অংশে গাইড ওয়াল নির্মাণ। স্থানীয়দের অভিযোগ, ছুটির দিন হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের মতো করে কাজ করছে। পানির মধ্যে ঢালাই দেওয়ায় সরকারি অর্থ ব্যয় হলেও কাজের স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে। তবে এ বিষয়ে উপস্থিত ঠিকাদার প্রতিষ্ঠানের কেউ বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে আদিতমারী উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী এ কে এম ফজলুল হক বলেন, “আজ ছুটির দিন হওয়ায় আমাদের অফিসে লোকজন নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান আজ ঢালাইয়ের কাজ করার বিষয়টি আমাদের জানায়নি। পানি থাকা অবস্থায় কোনোভাবেই ঢালাই দেওয়ার সুযোগ নেই। তারপরও বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি।”


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধ চায়না ও কারেন্ট জালবিরোধী অভিযান পরিচালনা করে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ চায়না ও কারেন্ট জাল আমদানি, মজুদ ও বিক্রয়ের দায়ে উপজেলার মহিষাশহর গ্রামের রমজান আলী (১৯)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ধ্বংস করা হয়। মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আদিতমারী উপজেলা বৃক্ষমেলা ২০২৬। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও বন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) সারোয়ার আলম, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে বিকেল ৪টায় আদিতমারী উপজেলা চত্বরে উপজেলার ৮টি ইউনিয়নের সেরা সাঁতারুদের অংশগ্রহণে একটি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারপুকুর ইউনিয়নের পলাশ চন্দ্র প্রথম, এবং কমলাবাড়ী ইউনিয়নের আকাশ চন্দ্র ও সিয়াম যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি পরিবারে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। উদ্বোধনী আলোচনা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আদিতমারী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের স্টলগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মেলায় গাছের চারা সংগ্রহ ও বৃক্ষরোপণ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।


লালমনিরহাটের আদিতমারীতে তরুণ সমাজকে মাদক ও ক্যাসিনোর ভয়াল থাবা থেকে রক্ষা করার লক্ষ্যে সচেতনতামূলক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী ও সামাজিক সংগঠন 'গ্রীন ভয়েস'-এর আদিতমারী উপজেলা শাখার উদ্যোগে আদিতমারী জি এস স্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা যুব সমাজের ওপর মাদকের ভয়াবহ কুফল এবং অবৈধ ক্যাসিনো ব্যবসার সামাজিক ও অর্থনৈতিক অবক্ষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের মাদকমুক্ত থাকা অপরিহার্য। যুব সমাজ সচেতন হলে তবেই একটি সবুজ ও সমৃদ্ধ সমাজ ও পৃথিবী গড়া সম্ভব। অনুষ্ঠানে "যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে"—এই স্লোগানকে সামনে রেখে উপস্থিত তরুণদের পরিবেশ রক্ষা ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সেমিনার শেষে স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে গ্রীন ভয়েসের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক তরুণ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সামাজিক ও পরিবেশগত সুরক্ষায় ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আয়োজকরা।


লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছেন আদিতমারী উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। সোমবার (১৭ আগস্ট) বিকেল পাঁচটায় আদিতমারী উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলীয় মূল ধারা ও প্রবীণ নেতাদের তোয়াক্কা না করে নিজস্ব স্বার্থ গুছিয়ে চলছেন। এছাড়া জাতীয় পার্টি, নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম এবং স্বার্থান্বেষী মহলের সাথে যোগসাজশে নিজের ইচ্ছামত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, যা বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করছে। অভিযোগে আরও বলা হয়, নির্বাচনের পর এমপি রোকন উদ্দিন বাবুল কোনো ধরনের মূল্যায়ন সভা বা এলাকার সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি। উল্টো কেন্দ্র এবং রংপুর বিভাগীয় তৃণমূলের নির্দেশনা অমান্য করে আগামী ১৮ আগস্ট আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলের নাম ভাঙিয়ে একটি বিধিবহির্ভূত সভার আহ্বান করা হয়েছে, যার বিষয়ে মূল বিএনপি ও সহযোগী সংগঠনের মূল নেতারা কিছুই জানেন না। সাম্প্রতিক একটি ঘটনা উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নির্ধারিত সময় (বেলা ১১টা) শেষে সম্পন্ন ঘোষণা করা হয়। কিন্তু পরবর্তীতে এমপির নির্দেশে দুপুরে আদিতমারী উপজেলা দলীয় কার্যালয়ের তালা ভেঙে অনধিকার প্রবেশ করে অনাকাঙ্ক্ষিতভাবে আরেকটি সভা করা হয়, যা তৃণমূল নেতাকর্মীদের ক্ষুব্ধ করে তোলে। এমতাবস্থায়, আদিতমারীতে দলীয় কোন্দল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে জেলা বিএনপি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। একই সাথে এমপি রোকন উদ্দিন বাবুল ও তার অনুসারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নাদিরুল ইসলাম মানিক উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক, আবু ইয়াহিয়া ইউনুছ আহম্মেদ সাবেক সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা যুবদলের আহবায়ক হাসানুল বান্না, সদস্য সচিব আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহারিয়ার আলম রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিম,ভাদাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইবনে হাবিব কাশুরী চঞ্চল সহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


লালমনিরহাটের আদিতমারী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) আদিতমারী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৭ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মোঃ রোকন উদ্দিন বাবুল, এমপি। সভায় হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে অবস্থিত মহিষখোচা স্পার বাঁধ-২ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে সেখানে অপ্রয়োজনীয় লোকসমাগম না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, স্পার বাঁধটির বর্তমান অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জননিরাপত্তার স্বার্থে বাঁধটির ওপর বা আশপাশে অযথা ভিড় না করার জন্য স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাউবোর কর্মকর্তারা জানান, বাঁধটির পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণের বিষয়েও কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে সতর্কতার সঙ্গে চলাচল এবং ঝুঁকিপূর্ণ অংশ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দেরও অপ্রয়োজনীয়ভাবে স্পার বাঁধে অবস্থান বা ভিড় না করে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।


লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের এক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জীবন মিয়া (২২)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। সোমবার (৩ আগস্ট) ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৩ জানায়, গ্রেপ্তার জীবন মিয়া আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। ধর্ষণের ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাত বছরের শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। অভিযুক্ত জীবন মিয়া শিশুটির প্রতিবেশী ফুফাতো ভাই। গত ২৯ জুলাই দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে একই গ্রামের একটি ফাঁকা বাড়ির সামনে পৌঁছালে জীবন তাকে ডেকে নেয়। পরে ওই বাড়ির একটি টিনশেড ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর শিশুটির যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে অভিযুক্ত তাকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে না বলতে বলে। তবে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে দাদীকে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গত ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। র্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলার নামাটারি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রধান আসামি জীবন মিয়াকে গ্রেপ্তার করে। র্যাব-১৩-এর পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


লালমনিরহাটের আদিতমারীতে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩১ জুলাই) আদিতমারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ সিরাজুল ইসলাম (৩০) ও মোঃ শিপন মিয়া (২০)। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ কার্যকর করার জন্য আসামিদের প্রয়োজনীয় পুলিশ পাহারায় লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।


লালমনিরহাটে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. খোকন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তাঁকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের মোঃ ছকমল হোসেনের ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী থানাধীন ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুজন মাদক কারবারী মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছে। খবর পেয়ে ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে চালক ও পেছনে থাকা ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকে পুলিশ রিদয় (১৯) নামের একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করলেও চালক খোকন মিয়া পালিয়ে যান। ওই ঘটনার পর দিন ২৫ জুন আদিতমারী থানায় তাঁদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়। পরে আজ আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির নিশ্চিত করেছেন। এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু বলেন, ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে শুনেছি। আজ গ্রেপ্তার হয়েছেন কিনা তা আমার জানা নেই। তবে মাদক মামলার বিষয়টি ইতোমধ্যে জেলা ছাত্রদলকে জানানো হয়েছে। তাঁদের কাছ থেকে নির্দেশনা পেলেই খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিশেষ অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আদিতমারী থানাধীন ৩ নম্বর কমলাবাড়ী ইউনিয়নের চরিতাবাড়ী গ্রামের নিজ বাড়ির বারান্দা থেকে মো. মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চরিতাবাড়ী গ্রামের বাসিন্দা এবং মো. ইদ্রিস আলীর ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাক্ষীদের উপস্থিতিতে মিজানুর রহমান স্বীকার করেন যে, তিনি নিজের মোবাইল ফোনে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইন জুয়ার সাইটে লগইন করে জুয়া খেলতেন। এ ঘটনায় আদিতমারী থানায় ৩০ জুলাই ২০২৬ তারিখে ৪১ নম্বর মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইন-এর ১৫/১৬ ধারায় রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) আদিতমারী থানা পুলিশের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে একজন নিয়মিত চুরি মামলার আসামি। এছাড়া মাদক ও ক্যাসিনো-সংক্রান্ত অপরাধে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে গ্রেপ্তার তিনজনকেই প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে আদিতমারী থানা সূত্রে জানা গেছে।


লালমনিরহাটের আদিতমারীতে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে আদিতমারী উপজেলার ২ নম্বর ভেলাবাড়ী ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী নামুড়ীর পাড় এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ১২ বছর বয়সী এক শিক্ষার্থী রাতে নিজ বেডে ঘুমিয়ে ছিল। এ সময় অভিযুক্ত শিক্ষক মো. শাহজালাল হক (২৩) মাথাব্যথার কথা বলে শিশুটিকে নিজের বেডের কাছে ডেকে নেন। পরে জোরপূর্বক তাকে বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে জানালে ক্ষতির ভয়ভীতি দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী ভয় পেয়ে প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে তার পরিবার ঘটনাটি জানতে পারে। এরপর স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে না পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে ২৪ জুলাই রাতে অভিযুক্ত ছুটি শেষে মাদ্রাসায় ফিরে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. আরিফুল ইসলাম বাদী হয়ে ২৫ জুলাই আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার নম্বর-৩৭, তারিখ ২৫ জুলাই ২০২৬। পুলিশ জানায়, মামলা রুজুর পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


লালমনিরহাটের আদিতমারীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ২৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টার দিকে আদিতমারী উপজেলার ৫ নম্বর সাপ্টিবাড়ী ইউনিয়নের পশ্চিম দৈলজোড় গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাবা মো. শফিকুল ইসলাম আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত মো. রিপন মিয়া (২৫) দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। ঘটনার রাতে মোবাইল ফোন দেওয়ার কথা বলে সে ভুক্তভোগীর বাড়িতে যায়। পরে কৌশলে ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করে বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা ঘরের ভেতর শব্দ শুনে সেখানে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাকে মারধর করলে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-৩৬, তারিখ ২৫ জুলাই ২০২৬। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।


লালমনিরহাটের আদিতমারীতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার ৭ নম্বর পলাশী ইউনিয়নের নামুড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আদিতমারী থানার মামলা নং-১১, তারিখ ৮ জুলাই ২০২৬-এর ধর্ষণ মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি মো. মোখলেছ মিয়া ওরফে ফুলতলা (৪০)কে র্যাবের সহায়তায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৃত হোসেন আলীর ছেলে এবং পলাশী ইউনিয়নের নামুড়ীটারী এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আদিতমারী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নামুড়ী বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্তও আইনানুগভাবে অব্যাহত আছে।


দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা আদিতমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। এ উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জানা গেছে, নূরে আলম সিদ্দিকী বাবু প্রামাণিকের উদ্যোগে দলীয় কার্যালয়টি নতুনভাবে সংস্কার করা হচ্ছে। সংস্কার কাজ শেষ হলে নেতাকর্মীদের জন্য একটি পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে বসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে কার্যালয়টি জরাজীর্ণ অবস্থায় থাকায় নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের অসুবিধা হচ্ছিল। সংস্কার কাজ সম্পন্ন হলে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং কার্যালয়টি নেতাকর্মীদের মিলনকেন্দ্র হিসেবে নতুন প্রাণ ফিরে পাবে বলে তারা প্রত্যাশা করছেন।


লালমনিরহাটের আদিতমারীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) আদিতমারী থানা পুলিশের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি), আদিতমারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ মেহেদি হাসান (৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড), মোঃ আলমগির হোসেন (৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড), মহসিন আলী (৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড), মোঃ আল আমিন ইসলাম (৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং জিএম কাদের জিম (৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড)। রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্তদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ও আইনি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন দলের লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান হাবিব। দলীয় সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তাঁকে আদিতমারী উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মাওলানা হাবিবুর রহমান হাবিব বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মনোনয়নের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তবে নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা এবং মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে।


পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের প্রায় ৩০টি মসজিদ ও মাদরাসায় গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সংশ্লিষ্ট মসজিদ ও মাদরাসার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোসাদ্দেক হোসেন চৌধুরী। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিশেষ অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে আদিতমারী থানার বিশেষ চেকপোস্ট ও অভিযান চলাকালে উপজেলার ৫ নম্বর সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজার সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনলাইনে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. জব্বারুল ইসলাম (২০), মো. আবু বক্কর সিদ্দিক (২৪), মো. আল আমিন বাবু (৩২), মো. ফরহাদ হোসেন (২১) এবং মো. আহসানুল হাবিব বিপ্লব (২৪)। তাদের বাড়ি আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সাক্ষীদের উপস্থিতিতে স্বীকার করেছেন যে, তারা একত্রে বিভিন্ন মোবাইল ফোন ব্যবহার করে জিমেইল আইডির মাধ্যমে বিভিন্ন ব্রাউজারে অনলাইন জুয়ার সাইটে লগইন করে জুয়া খেলতেন। এ ঘটনায় আদিতমারী থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা (নং-২৮, তারিখ: ২১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হবে।


লালমনিরহাটের আদিতমারী উপজেলা অডিটোরিয়ামে সোমবার (২০ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিশেষ "বিতরণ অনুষ্ঠান"। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বাইসাইকেল, পানির ফিল্টার ও সিলিং ফ্যান বিতরণ করা হয়। এছাড়া উপজেলার অসহায় ও অসচ্ছল কৃষকদের কৃষিকাজে সহায়তার লক্ষ্যে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। শিক্ষা ও কৃষি—দুই খাতেই এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী-কালীগঞ্জ (লালমনিরহাট-২) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস। এছাড়াও আদিতমারী উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ প্রদান এবং কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও কৃষকদের মুখে ছিল আনন্দের হাসি। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সেবনের দায়ে মো. বাদল মিয়া (পিতা: মৃত সিদ্দিক হোসেন) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জানা গেছে, আদিতমারী থানার একটি অভিযানিক দল উপজেলার ভাদাই ইউনিয়নের ভ্যাটেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে বাদল মিয়াকে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিকে মাদক সেবনের দায়ে ২০ (কুড়ি) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্ত বাদল মিয়াকে জেলা কারাগার, লালমনিরহাটে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের অভিযানে গভীর রাতে জুয়া খেলার সময় পাঁচজন জুয়াড়িকে আটক করা হয়েছে। গতকাল ১৭ জুলাই (শুক্রবার) দিবাগত শেষ রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পলাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়াইবাড়ী বনচৌকি গ্রামে এই অভিযান চালানো হয়। আজ ১৮ জুলাই (শনিবার) ভোররাতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বড়াইবাড়ী বনচৌকি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মশিউর রহমানের বাড়িতে গভীর রাতে তাসের মাধ্যমে বড় অংকের টাকার জুয়া খেলা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার একটি চৌকস অভিযানিক দল সেখানে আকস্মিক ঘেরাও করে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলার টেবিল থেকে হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়। আদিতমারী থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ ১৮ জুলাই শনিবার দুপুরে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় জুয়া ও মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরীকে পুনর্বহাল করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাটের স্থানীয় সরকার শাখা থেকে ১৬ জুলাই জারি করা ৩৩২ নং স্মারক অনুযায়ী তাকে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। পুনর্বহালের পর তিনি মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব পালন করবেন। এ খবরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। এ বিষয়ে চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মহিষখোচা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল কোডেইন সমৃদ্ধ নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফ (ESkuf) সিরাপ জব্দ করেছে র্যাব ১৩। এ সময় আলমগীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি অভিযানিক দল উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস এলাকায় এ অভিযান পরিচালনা করে। র্যাব সূত্রে জানা যায়, অভিযানে তালুক হরিদাস গ্রামের পলাতক আসামি শাহিন আলমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে গোয়ালঘর থেকে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আলমগীর ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের আজিজুল হকের ছেলে। র্যাব জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদিতমারী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।